চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ সুরাইম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইম একই এলাকার মোহাম্মদ বেলালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস সুরাইমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা বাসটি আটকে রাখেন।
চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর পরিবারের সঙ্গে বাস মালিকের প্রাথমিকভাবে সমঝোতা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












