লোহাগাড়ায় একটি ফাঁকা বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাসান রওফী পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত জহিরুল ইসলাম (৪৪) ওই এলাকার মৃত সামশুল ইসলামের পুত্র। তিনি একটি ইন্সুরেন্স কোম্পানির লোহাগাড়া উপজেলা শাখার ইনচার্জ।
ক্ষতিগ্রস্তের ভাই জসিম উদ্দিন রানা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে তালা দিয়ে তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরদিন রাতে ভাগিনা এসে বাড়ির মূল গেটের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে দেখা যায়, বিভিন্ন কক্ষের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চোরেরা ঘরে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৫৬ হাজার টাকা এবং তিনটি প্লাস্টিকের ব্যাংকে জমা রাখা অর্থ নিয়ে গেছে। লোহাগাড়া থানার এএসআই সুমন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












