লোহাগাড়ায় টেক্সি থামিয়ে ৪ যাত্রীর টাকা-ফোন ছিনতাই

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় যাত্রীবাহী টেক্সি থামিয়ে ৪ যাত্রীকে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালেকিয়া মাদ্‌রাসা সংলগ্ন এলাকায় দরবেশহাট ডিসি সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের একজন উপজেলা সদর বটতলী স্টেশনের ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাঁতী পাড়ার মোহাম্মদ আলীর পুত্র। ভুক্তভোগী অন্য যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে ২ জন এমচর হাট ও একজন নালারকুল এলাকার বলে জানা গেছে।

আনোয়ার হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে টেক্সিযোগে বাড়ি ফেরার সময় তার সাথে আরও তিন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে সড়কে খানাখন্দ থাকায় টেঙিটি ধীরগতিতে চলছিল। এ সময় মুখোশধারী ১০–১২ জনের একটি দল টেঙিটি থামিয়ে যাত্রীদের জিম্মি করে। ছিনতাইকারীরা যাত্রীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় এক যাত্রী আইফোন দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার হাতে গুরুতর জখম হয়েছে। পরে ছিনতাইকারীরা কয়েকটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।

লোহাগাড়া থানার এসআই নুর উদ্দিন জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরৌফাবাদ হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধজামিন নাকচ, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ