জামিন নাকচ, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সাবরেজিস্ট্রার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

ঘুষের টাকাসহ গ্রেপ্তার নগরীর পাহাড়তলীর সাবরেজিস্ট্রার আবদুস সোবহানকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তার পক্ষে জামিন চেয়ে করা আবেদনটি নাকচ করে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম এ আদেশ দেন। এর আগে সোমবার আবদুস সোবহানের ৫ দিনের রিমান্ড চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়। অন্যদিকে আবদুস সোবহানের জামিন চেয়ে তার আইনজীবীরা আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। গত ২৩ সেপ্টেম্বর পাহাড়তলী সাবরেজিস্ট্রার কার্যালয়ের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ এ ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তারা বলেন, সাবরেজিস্ট্রার আবদুস সোবহানের নির্দেশে তারা ঘুষ গ্রহণ করেছিলেন।

২২ সেপ্টেম্বর বিকালে এক আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতে পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও তার দুই সহযোগী ফারুক ইসলাম ও রূপন দাশকে ঘুষের দুই লাখ টাকাসহ আটক করে দুদক।

দুদক জানায়, ভুক্তভোগী আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারী চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে গিয়েছিলেন। তবে দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও উক্ত নিবন্ধন আটকে রাখা হয়। এর কারণ জানতে চাইলে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি নিবন্ধনের বিনিময়ে তার কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় টেক্সি থামিয়ে ৪ যাত্রীর টাকা-ফোন ছিনতাই
পরবর্তী নিবন্ধউন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর