লোহাগাড়া ও বাঁশখালীতেবিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

আজাদী ডেস্ক | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়া ও বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো একজন। গতকাল মঙ্গলবার পৃথক এ ঘটনা ঘটে।

লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছলিমার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম একই এলাকার আবদুল আলমের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আমানুল হক জানান, ঘটনার দিন বাড়ির পাশে নিজের মাছের খামারে কাজ করছিলেন আরিফুল ইসলাম। একপর্যায়ে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফুল ইসলাম কয়েকমাস আগে বিয়ে করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল লিপিবদ্ধ করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীর পুকুরিয়া এলাকায় বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল সকালে পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেচ্ছিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজিজুল হক (৪৫)। তিনি পুকুরিয়ার দক্ষিণ চন্দ্রপুর এলাকার মৃত আবদু ছোবাহানের ঝেলে। গুরুতর আহত ফরহাদ জমির (৩৮) একই এলাকার লেদু মিয়ার ছেলে। তিনি পুকুরিয়ার সিবি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আজিজুল হক ও ফরহাদ জমির। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় সিবি হাসপাতালে নিয়ে যান। আজিজুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আনোয়ারা হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বাঁশখালীর রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই উক্যসিং মারমা বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে চলন্ত টেক্সিতে আগুন
পরবর্তী নিবন্ধসম্ভাব্যতা যাচাই শেষ, কাজ শুরু হচ্ছে আগামী মাসে