লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার হামলার কয়েক ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।
লেবাননি সংবাদ মাধ্যম নাহারনেট জানিয়েছে, নিহত আমল খলিল আল–আখবার সংবাদপত্রের রিপোর্টার ছিলেন। আল–আখবার তার মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গ্রাম আল–তিরিতে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরায়েলি হামলায় খলিলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন আর এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। খলিল ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর যুদ্ধ শুরুর সময় থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশ থেকে লড়াইয়ের খবর সংগ্রহ করে আসছিলেন।














