পশ্চিমবঙ্গের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:৩১ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে বিতর্কের পর প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রথম দফার ভোটে শেষ খবর পাওয়া পর্যন্ত রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট পড়ে। এই প্রচুর ভোট পড়াকে ‘ভালো লক্ষণ’ বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বৃহস্পতিবার চৌরঙ্গীর একটি প্রচারসভা থেকে মমতা বলেন, আপনারা শুনলে খুশি হবেন, এ বার প্রচুর ভোট পড়েছে। আসলে এত নাম এবার বাদ গিয়েছিল। তাই এবার কেউ ঝুঁকি নেননি। সবাই ভোট দিয়েছেন। এটা ভালো লক্ষণ। সবাই এসআইআর নিয়ে ভয়ে ছিলেন। তিনি আরও বলেন, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় লাখ লাখ ভোটার বাদ পড়ার এরও রেকর্ড সংখ্যক ভোট কেন পড়ছে জানেন? আমার মনে হয়, মানুষ ভেবেছে এটি তাদের অধিকার রক্ষার লড়াই।

রাজনৈতিকভাবে এসআইআর প্রক্রিয়ার প্রভাব যে ভোটে পড়বে তা একরকম জানাই ছিল। যদিও ভোটের শতাংশে হেরফের হবে কি না তা নিয়ে জল্পনা ছিল। তবে বৃহস্পতিবার ভোট শুরু হতেই দেখা যায়, বেলা ১১টার মধ্যেই একাধিক কেন্দ্রে ৩০ শতাংশের কাছাকাছি ভোট পড়ে। বেলা বাড়লে ভোটের শতাংশ বাড়তে থাকে। রাজ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫২টি কেন্দ্রে ভোটদানের হার দেখা গেছে, ৯১ দশমিক ৫৮ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধপুলিৎজার পাওয়া ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদকের লাশ মিলল নিজ ঘরে
পরবর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত