লেবাননের সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই লেবাননি নিহত হয়েছে। এর পরপর লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এই যুদ্ধবিরতি রোববার থেকে প্রায় কার্যকরভাবে পালিত হয়ে আসছিল। রোববারের পর থেকে মঙ্গলবারই প্রথম ইসরয়েলি গুলিতে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটল। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহের আল–ফাওকা এলাকার আল–দিয়ের মহল্লায় বুলডোজার দিয়ে একটি সড়ক পরিষ্কার করা হচ্ছিল আর কাছেই একদল লোক দাঁড়িয়ে ছিল, ইসরায়েলি বাহিনী ওই লোকগুলোর দিকে গুলি ছোড়ে। পরে এ ঘটনার বর্ণনায় ইসরায়েলি বাহিনী জানায়, একটি বুলডোজার ও আরেকটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তির দিকে সতর্ক করে গুলি ছোড়ে তারা। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, দক্ষিণ লেবাননের যে এলাকাগুলো তাদের সেনারা এখনও অধিকার করে আছে ওই বুলডোজার ও মোটরসাইকেল সেখানকার সীমানা অতিক্রম করে ঢুকে পড়েছিল। তারা এদের বেসামরিকের ছদ্মবেশে থাকা হিজবুল্লাহর সন্ত্রাসী বলে বর্ণনা করেছে। ওই লোকজন এগোনো অব্যাহত রাখলে ‘হুমকি অপসারণের লক্ষ্যে আরও গুলি চালানো হয়।











