উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর ও কনে পক্ষের সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামে একজন নিহত হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ সময় আরো ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে এপিবিএন।
নিহত রোহিঙ্গা বালুখালী-৯ ক্যাম্পের সি/১৯ ব্লকের আবু বক্করের ছেলে। এ ঘটনায় কনের চাচাতো ভাই একই ক্যাম্পের মো. আরিফের ছেলে মো. আনোয়ার সাদেক ও তার সহযোগী আবদুর রহমানের ছেলে হারেসুর রহমানকে আটক করেছে এপিবিএন পুলিশ। উখিয়ার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার রাত ৮টার দিকে উক্ত ক্যাম্পের মো. ইউনুসের ছেলে মো. ইদ্রিসের (২৪) সাথে কনে খালেদা বিবির (১৬) পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক আহত বরের চাচা মোহাম্মদ বেলালকে (৪০) এপিবিএন পুলিশ উদ্ধার করে স্থানীয় তুর্কী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো. ইউনুছ, মো. উমর, মো. আইয়ুব ও মো. আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, গত ৪ বছর ধরে বর মো. ইদ্রিসের সাথে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার ৪ দিন আগে খালেদা ইদ্রিসের ঘরে চলে গেলে উভয়ের বিয়ে দেয়া হয়। তবে কনে পক্ষ এই বিয়ে মেনে নেয়নি। এতে কনে পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাতে বরের বাড়িতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে অতর্কিতভাবে হামলা চালায়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কঙবাজারের সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটক দুইজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এপিবিএন সূত্র জানিয়েছে।











