বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেই প্রশ্নে একটি নাম ঘিরে জোর আলোচনা চললেও আনুষ্ঠানিক ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখছে ক্ষমতাসীন বিএনপি। দলটির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেছেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীর সম্মতি ও প্রস্তাবক–সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। খবর বিডিনিউজের।
এর আগে গত ১০ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সেই সিদ্ধান্তের কথা জানান। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, চেয়ারম্যানের সাথে বৈঠকে রাষ্ট্রপতি পদে যিনি প্রার্থী হবেন তার নাম আমরা জানতে পারব। তিনি বলেন, সেই বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে।
রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে বেশি আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম নিশ্চিত করা হয়নি।
এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে। তিনিও আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন হবে। সেজন্য আগামী ২০ আগস্ট দিন রাখা হয়েছে তফসিলে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটাভুটিতে অংশ নেবেন।












