সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ

| বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি নিয়ে গতকাল বুধবার এ আদেশ দেন। ডনের পক্ষে তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেছিলেন। খবর বিডিনিউজের।

ডনের আইনজীবী জুয়েল বলেন, আশরাফুল হক ডন এই মামলার এজাহারনামী আসামি নয় এবং তার নামে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি এই ঘটনায় জড়িত নন। তার জামিন প্রার্থনা করছি।

এর বিরোধিতা করে প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, রিজভী নামে এক আসামি অন্য মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেখানে ডনের নাম এসেছে। সে সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত। মামলা তদন্তাধীন। তাকে জামিন দিলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার ডনকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা দুপুরে
পরবর্তী নিবন্ধনগরের ৪ এলাকা থেকে ৭০০ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ