রামগড়ে পিআইওর বিরুদ্ধে সরকারি চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দকৃত ২৭ মে: টন চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অনিয়মের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম এ করিমসহ সংশ্লিষ্ট অফিসের অপরাপর কর্মকর্তাকর্মচারীদের দায়ী করেছেন। পিআইও এমন অনিয়মের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। রামগড় ইবতেদায়ী তালিমুল কুরআন মাদরাসার সভাপতি মো: জসিম উদ্দিনসহ একাধিক ব্যক্তির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রামগড় উপজেলার ২৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম কাগজেপত্রে প্রতিটি প্রতিষ্ঠানে ১ মে. টন চাল বরাদ্দ প্রদান করেন। কিন্তু তার মধ্যে রামগড় পৌরসভার প্রতিষ্ঠান তৈছালা মদিনাতুল উলুম মাদ্রাসা, চৌধুরী পাড়া মাদ্রাসা ও ইসলামপুর রশিদিয়া মাদ্রাসার অনুকূলে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। অপর দিকে বালুখালী আলো তা’লীমুল কুরআন মাদ্রাসার নামে বরাদ্দ দেখানো হলেও বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই।

এদিকে ১২ টি মসজিদ ও নূরানী মাদ্রাসায় চাল না দিয়ে প্রতিষ্ঠানের অনুকূলে ৯ হাজার টাকা ও ১০টি মন্দির ও বৌদ্ধ বিহারে চাল না দিয়ে ৭ হাজার টাকা এবং একটি মাদ্রাসায় চাল না দিয়ে ২০ হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। প্রেস বিবৃতিতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাজী শামীমের যোগসাজসে এই অনিয়ম হয়েছে বলে অভিযোগ করা হয়।

কালাডেবা দারুলউলুম মাদ্রাসা, এতিম খানা ও হেফজ খানার সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়ার অভিযোগ, তার এই প্রতিষ্ঠানের নামে জনৈক ইমরানকে প্রকল্প চেয়ারম্যান দেখিয়ে এক মে: টন চাউল বিতরণ করা হলেও তিনি জানতেন না। অথচ তিনি ইমরান নামে কাউকে চিনেন না বলে জানান।

রামগড় ইবদোয়ী তানীমুল কুরআন মাদরাসার সভাপতি মো: জসিম উদ্দিনের অভিযোগ, কাগজেপত্রে তার প্রতিষ্ঠানের এক মে: টন চাল বরাদ্দ দেখানো হলেও তিনি কোনো বরাদ্দ পাননি।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধনরওয়ের বিপক্ষে টানা ব্যর্থতা থেকেই প্রেরণা খুঁজছে ব্রাজিল
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু