চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মো. তৌহিদ নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোমরা মহল্লার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদ ওই এলাকার মো. জাহেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তৌহিদ তার ঘরের পাশে ফুফুর বাসায় ভাত খেতে যায়। খাওয়া শেষে নিজ বাড়িতে ফিরে মাকে না পেয়ে সে বাড়ির পেছনে খুঁজতে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পেছনের পুকুরে পড়ে তলিয়ে যায় সে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।












