রান্নাঘরে ইঁদুর তেলাপোকা, চেরাগী রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর চেরাগী পাহাড় এলাকায় অভিযানে চেরাগী রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে অধিদপ্তর চেরাগী রেস্তোরাঁয় অভিযানে গিয়ে দেখে, রান্নাঘরজুড়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ। খোলা অবস্থায় রাখা হয়েছে লবণ ও অন্যান্য উপকরণ। মানহীন উপাদান ব্যবহার করে খাবার প্রস্তুতের পাশাপাশি রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতিও দেখতে পান অভিযানে থাকা কর্মকর্তারা। এসব অনিয়মের কারণে রেস্তোরাঁটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি বলেন, এর আগেও চেরাগী রেস্তোরাঁর মালিককে তিনবার জরিমানা করা হয়েছিল। কিন্তু জরিমানার পরও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আসেনি। চরম অবহেলার কারণে রান্নাঘরে নোংরাআবর্জনা জমে থাকার পাশাপাশি খাদ্য প্রস্তুতের পরিবেশও অনিরাপদ হয়ে পড়েছে। এ ধরনের অপরিচ্ছন্ন পরিবেশে কোনোভাবেই মানুষের খাবার রান্না করা উচিত নয়। রেস্তোরাঁর মালিককে মুচলেকা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশ ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজনীয় উন্নতি না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নগরীর মোমিন রোড ঝাউতলা মেথরপট্টি মুখ সংলগ্ন ফ্যামিলি মার্ট নামক সুপারশপে খাদ্য পণ্য হিসেবে কেওড়া জল এবং গোলাপ জল বিক্রয়, অনুমোদিতহীন বিভিন্ন প্রসাধনী এবং খাদ্যদ্রব্য বিক্রয়, রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ১২৬ কন্টেনার মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস
পরবর্তী নিবন্ধজাহাজটির গ্যাস-ফ্রি সনদ নিয়ে তদন্ত চেয়ে বিস্ফোরক পরিদপ্তর ঘেরাও