রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করার সময় ডিঙ্গি নৌকা উল্টে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম মো. সোলেমান (২০)। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজের ফুফাতো ভাই মোহাম্মদ হাবীব জানান, সকালে সোলেমান ও তার বড় ভাই আব্দুল হালিম (৩০) একটি ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে যান। এসময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তাদের নৌকাটি হঠাৎ উল্টে যায় এবং দুজনেই পানিতে পড়ে যান। এরমধ্যে বড় ভাই আব্দুল হালিমকে আশেপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও সোলেমান মুহূর্তের মধ্যেই পানির প্রবল স্রোতে তলিয়ে যান।

নিখোঁজ সোলেমান ও উদ্ধার হওয়া আব্দুল হালিম পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রীর বাড়ি এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম। ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বিষয়টি আমাদের উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধারে দ্রুতই একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দিচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ সোলেমানকে উদ্ধারে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় ও নিখোঁজের পরিবারে চরম শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭
পরবর্তী নিবন্ধআনোয়ারায় জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার