রাঙ্গুনিয়া উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব–৭।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব–৭, চট্টগ্রামের হাটহাজারী ক্যাম্পের (সিপিসি–২) একটি দল উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকার বালিরঘোনায় অভিযানে যায়। সেখানে পাহাড়ের একটি টিলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অচল একনলা বন্দুক উদ্ধার করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
এদিকে অপর এক অভিযানে রাঙ্গুনিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের গোডাউন সংলগ্ন একটি কাঁঠাল বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি অস্ত্রটি ফেলে অন্ধকারে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ওয়ান শুটার গানটি উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।











