আমি খুবই পজিটিভ, পর্তুগাল ভালো করবে : রোনালদো

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

ফ্লোরিডার পাম বিচে বিশ্বকাপের বেস ক্যাম্পের উদ্দেশে লিসবন ছাড়ার আগে পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি খুবই ইতিবাচক অনুভব করছেন। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো বলেন, অনেক আশা নিয়ে আমরা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছি। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। যদিও সবাই বেশ পরিশ্রান্ত, কারণ আমরা গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছি। আমি খুবই পজিটিভ। আমার বিশ্বাস এবারের বিশ্বকাপে পর্তুগাল ভালো করবে, সবাইকে ভালো পারফরম্যান্স উপহার দিবে।

বর্তমান প্রজন্মকে অত্যন্ত মেধাবী উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপে একটি ভালো সূচনা, প্রথম ম্যাচে জয়ী হওয়া। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করা। প্রথমে গ্রুপে শীর্ষে থেকে নক আউট পর্বে যেতে হবে এবং পরবর্তীতে ম্যাচবাইম্যাচ এগিয়ে যেতে হবে।

আগামী ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে পর্তুগাল। এরপর গ্রুপকে’তে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। ৪১ বছর বয়সী রোনালদো রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে মাঠে নামতে যাচ্ছেন। তবে কিছু ক্ষেত্রে তার অনুপস্থিতি রবার্তো মার্টিনেজের দলকে শঙ্কায় ফেলতে পারে বলে সমালোচকরা মন্তব্য করেছেন। সমপ্রতি চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ২১ গোলে পরাজিত হয় পর্তুগাল, যেখানে রোনালদো কোনো গোল করতে পারেননি। পর্তুগাল ১৯৬৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান ও চার বছর আগে কাতারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল।

পূর্ববর্তী নিবন্ধ‘মেসিই সবকিছু, তিনি ইতিহাসের সেরা’
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় একনলা বন্দুক, ওয়ান শুটার গান উদ্ধার