রাঙামাটিতে ভাড়া বাসায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনী এলাকা থেকে গলায় ফাঁস লাগানো এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত পৌনে ১টার দিকে পোস্ট অফিস কলোনীর ভাড়া বাসা থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত পুলিশ সদস্য সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজেদুল হক (৩৭)। তিনি পোস্ট অফিস কলোনীতে ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন সহকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার পর রুমের দরজা বন্ধ করে ফাঁস দেয় পুলিশ কর্মকর্তা সাজেদুল হক। এসময় স্ত্রী বারবার ডাকার পরও দরজা না খোলায় থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে রাত পৌনে ১টার দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে ওইদিন রাতেই রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এসআই সাজেদুল হক। রাতে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে আগুনে পুড়েছে ৫ বসতঘর
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু