ভয়াবহ অগ্নিকাণ্ডে নগরে ৫টি বসতঘর পুড়ে গছে। গতকাল মঙ্গলবার সকালে হালিশহর আই ব্লকের চার নম্বর সড়কের পেশকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ববসত ঘরের মধ্যে তিনটি কাঁচা ও দুইটি সেমিপাকা ঘর রয়েছে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সকাল ৯ টা ৫৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশন থেকে দুটি করে ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। দুপুর ১২টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঘরে লাকড়ি চুলায় রান্না থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া বসতঘরগুলোর মধ্যে মো. রফিক, মো. ইসমাঈল ও আজিজের মালিকানাধীন তিনটি বসতঘর ছিল কাঁচা। এছাড়া হালিম রশীদ ও মো.আলমগীরের বসতঘর ছিল সেমিপাকা। আগুনে বসতঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। পরে তাদেরে বসতঘর নির্মাণ কাজ শুরু করতে নগদ এক লাখ টাকা ও ৫টি পরিবারের ১৮ জনকে শাড়ি বিতরণ ও দুপুরের খাবারের ব্যবস্থা করেন।












