রোববার থেকে রাঙামাটি জেলায় থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। গতকাল সকাল থেকে রাঙামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে যৌথভাবে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাঙামাটি পৌর এলাকার ১১টিসহ পুরো জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলার দশ উপজেলায় প্রায় ১০০টির অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। এর মধ্যে রাঙামাটি শহরে রয়েছে ২৯টি ঝুঁকিপূর্ণ এলাকা।
এদিকে, এদিন পৌরসভার রাজমনি পাড়া, শিমুলতলী, রূপনগর ও লোকনাথ মন্দিরে এলাকার বিভিন্নস্থানে সতর্কতামূলক মাইকিং কার্যক্রম চালানো হয়। এসময় জনগণকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস না করা, ভারী বর্ষণের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।












