রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুতুকছড়ি ইউনিয়নের উপর পাড়ায় (আবাসিক) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। যদিও হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে জেএসএস। এদিকে, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার বিবরণ দিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বরুন চাকমা বলেন, আজ (শুক্রবার) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে জেএসএস (সন্তু)-এর ১৮–২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী কুতুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) হানা দেয়। এসময় সন্ত্রাসীরা যুবনেতা ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। এতে প্রাণ রক্ষায় তিনি বাড়ি থেকে সরে যাবার সময় সন্ত্রাসীরা তার পিছু ধাওয়া করে। বেশ কিছুদূর ধাওয়া করার পর সন্ত্রাসীরা তাকে নাগাল পেয়ে সেখানে গুলি করে হত্যা করে। এ সময় তার দুই বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমা তাকে রক্ষায় এগিয়ে আসলে সন্ত্রাসীদের গুলিতে তারা দু’জনই হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সন্ত্রাসীদের মধ্যে অটল চাকমা ও ঝিমিত চাকমা নামে দু’জনকে চেনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিবৃতিতে হত্যার ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলা হয়, বৈ–সা–বি উৎসব শেষ হতে না হতেই একজন নিরস্ত্র মানুষকে গুলি করে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে সন্তু লারমার খুনির চেহারা আবারো উন্মোচিত হয়েছে। আসলে তিনি শাসকগোষ্ঠির এজেন্ডা বাস্তবায়ন করতেই পাহাড়ে খুনের রাজত্ব কায়েম করেছেন। হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ–তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ইউপিডিএফের একজন কর্মী নিহত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তবে এর জনসংহতি সমিতির জড়িত বা দায়ী থাকার প্রশ্ন আসে না।
এদিকে, গণতান্ত্রিক যুব ফোরাম নেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহতের ঘটনার পরই রাঙামাটি–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে ইউপিডিএফের কর্মীরা। পরে ইউপিডিএফের কর্মীরা সড়ক ছাড়লে এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত দুইজনকে চট্টগ্রামে নেয়া হয়েছে।
এর আগে, ২০১৮ সালের ১৮ মার্চ রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি থেকে ইউপিডিএফের সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী অপহরণের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যায় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমা। সেবার পালিয়ে বাঁচলেও ৮ বছর পর গুলিতেই নিহত হলেন তিনি।














