নগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ীসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন পাখি আক্তার (৩৫), মো. ফারুক (২৬), ফারজানা বেগম (২৬), হানিফ মিয়া (২৭), শেখ ফরিদ (৩০) ও শাহানা বেগম (৫০)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অবস্থান করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানে ফ্ল্যাট থেকে মোট ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার পাখি আকতার নগরীর তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ীদের একজন। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা আছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার মাদকসহ হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।












