রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসায় নুরজাহান বেগম নামে এক নারীর গলিত লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব ছেলে আনিসুর রহমানকে ওএসডি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে বৃদ্ধার গলিত লাশ উদ্ধারের ঘটনায় তার সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘কেয়ারগিভার’ নিয়োগের নির্দেশনাও চাওয়া হয়েছে সেই আবেদনে। গতকাল আইনজীবী মো. শরীফ সরকারের পক্ষে জনস্বার্থে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী। খবর বিডিনিউজের।
সেখানে বলা হয়, গত ৩১ মে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের (৭৫) লাশ উদ্ধার করা হয়। সাত–আটদিন আগেই তার মৃত্যু হয়েছিল বলে পুলিশের ধারণা। ফ্ল্যাটের ভেতরের অবস্থা অস্বাস্থ্যকর। আবর্জনায় ভরা আর দুর্গন্ধ ছিল। মর্মান্তিক বিষয় হল তার এক মেয়ে একই ফ্ল্যাটের পাশের কক্ষে বসবাস করলেও তিনি মায়ের মৃত্যুর খবর পুলিশকে দেননি।
রিট আবেদনে ওই বৃদ্ধার সন্তানদের ব্যাপারে বলা হয়, নূরজাহান বেগমের চার সন্তানের মধ্যে বড় ছেলে সরকারের একজন যুগ্ম সচিব, মেজ ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং ছোট ছেলে কানাডায় বসবাস করেন। প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সন্তানরা মায়ের চিকিৎসা ও যত্নে চরম অবহেলা করেছেন, যা আইনে অবহেলাজনিত মৃত্যু ঘটানোর শামিল। ওই বৃদ্ধাকে পর্যাপ্ত খাবার, ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি তাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে আটকে রাখা হয়ে থাকতে পারে, যা বাংলাদেশের সংবিধান ও মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের সরাসরি লক্সঘন।
এ ছাড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশকে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের নির্দেশ, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং জাতীয় মানবাধিকার কমিশনকে সাত দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের আরজি জানানো হয়েছে ওই আবেদনে।
রিট আবেদনে স্বরাষ্ট্র, আইন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব, পুলিশের আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং পল্লবী থানার ওসিকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, আগামী সোমবার বিচারপতি ফাতেমা নজিবের কোর্টে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
যুগ্ম সচিব ছেলেকে ওএসডি : নিঃসঙ্গ জীবনযাপন করা নুরজাহান বেগমের গলিত লাশ উদ্ধারের পর তার সন্তানদের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে গতকাল সন্ধ্যায় যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এর কয়েক ঘণ্টার পরই তাকে ওএসডি করা হলো। আজ বৃহস্পতিবার তাকে বদলি কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।










