যাহের আলভীর আত্মসমর্পণ জামিন নাকচ

ইকরার আত্মহত্যা

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম কামাল উদ্দীন আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ। এদিন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। তার পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি হারুন অর রশীদ জামিন আবেদনের বিরোধিতা করেন। বাদীপক্ষের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদও আবেদনের তীব্র বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। শুনানিকালে ইকরার বাবা আদালতে উপস্থিত ছিলেন। তাকে কাঁদতে দেখা যায়। গত ২৮ ফেব্রুয়ারি আলভীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তার স্ত্রী আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের কাছে পাত্তা পেল না ক্রোয়েশিয়া
পরবর্তী নিবন্ধদোয়া চাইলেন অভিনেত্রী দীপা খন্দকার