নগরীর কোতোয়ালী থানা এলাকায় একটি মৎস্য আড়তের ক্যাশ বাক্স ভেঙে সাড়ে ১৫ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত দুই মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকার আবদুর রশিদের পুত্র মো. গিয়াস উদ্দিন (২৪) এবং তার সহযোগী একই এলাকার এজাহার মিয়ার পুত্র মো. ফারুক (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে মৎস্য ব্যবসায়ী মো. ওসমান তার অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার জন্য হাসপাতালে যান। সেখানে চার দিন অবস্থানের পর ৩ মে দুপুরে তিনি আড়তে ফিরে দেখেন দোকানের তালা খোলা এবং ভেতরটা ওলটপালট। পরীক্ষা করে দেখা যায়, ক্যাশ বাক্সে থাকা নগদ ১৫ লাখ ৫০ হাজার টাকা নেই। একই সঙ্গে উধাও ছিলেন আড়তের কর্মচারী ও ওসমানের ভাগিনা গিয়াস উদ্দিন।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, গিয়াস তার সহযোগী ফারুক ও আরও দুজনকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর গা–ঢাকা দিয়েছিলেন তারা।
এ ঘটনায় গত ১৭ মে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী। মামলার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই রাশেদুল ইসলাম সঙ্গীয় র্ফোসসহ বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












