আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার দীর্ঘদিনের সমস্যা ভারী যানবাহন চলাচল ও অপরিষ্কার ড্রেন। এ দুটিসহ আরও বেশকিছু সমস্যা সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নজরে আনে আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স এসোসিয়েশন (আকোয়া)। এসব সমস্যা জানার পর মেয়র তা সমাধানে নির্দেশ দিলেন চসিকের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের। মেয়রের নির্দেশ পেয়েই দ্রুত কাজ করলো সংশ্লিষ্ট বিভাগ। এতে দ্রুত সময়ে সিডিএ আবাসিক এলাকার ২৯টি রোডে ভারী যান চলাচল বন্ধ ও ড্রেনেজ ব্যবস্থা সচল হওয়ায় মেয়রকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাসূচক পত্র দিয়েছে আকোয়া। বুধবার (২০ মে) মেয়রের কার্যালয়ে বৈঠক শেষে ডা. শাহাদাত হোসেনের হাতে এই পত্র তুলে দেন আকোয়া নেতৃবৃন্দ। এ সময় চসিক মেয়র সিডিএ আবাসিক এলাকায় সড়ক বাতি ও দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করবেন বলে জানান। এ সময় মেয়রের দ্রুত পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন আকোয়া নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।










