মীরসরাইয়ে চোরাই তিনটি মোটরসাইকেল চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। গ্রেপ্তকারকৃতরা হলেনমো. জামসেদ হোসেন প্রকাশ শুভ (২৩), মো. শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিঞা (২০), আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) ও মো. মাশরাফি (২০)

এসপি মো. মাসুদ আলম জানান, জেলা পুলিশের চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত রোববার জোরারগঞ্জ থানাপুলিশের একটি টিম এ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ৪ নম্বর ধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের ঘর থেকে প্রথমে চোর চক্রের এই ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ওই দিনই ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় ‘করেরহাট বাইক ল্যাব’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ২টি মোটরসাইকেল (একটি হিরো ও একটি প্লাটিনা) উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও চোরাই গাড়ি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে টেক্সিতে চোলাই মদ পাচার, স্থানীয় যুবকদের হাতে আটক ২
পরবর্তী নিবন্ধচসিক সচিবের সঙ্গে আকোয়া নেতৃবৃন্দের মতবিনিময়