মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল–১ ও ২–এর উন্নয়নকাজ পরিদর্শন এবং বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এসময় বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শুনে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। গতকাল সোমবার পরিদর্শনকালে তিনি অর্থনৈতিক অঞ্চল দুটিতে বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এতে অবকাঠামো উন্নয়ন, ইউটিলিটি সেবা, নিরাপত্তা, নির্মাণকাজের মান, শ্রমিকদের মজুরি ও সুযোগ–সুবিধা, কাস্টমস কার্যক্রম এবং দ্রুত পণ্য ছাড়করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডিটিএ বিক্রয়, বন্ডেড সুবিধা, বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন বেপজা নির্বাহী চেয়ারম্যান। খবর বাসসের।
পরে বেপজা অর্থনৈতিক অঞ্চল–১ ও ২–এর চলমান উন্নয়ন ও অবকাঠামোগত কাজ সরেজমিনে পরিদর্শন করেন মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় তিনি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে চলমান উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়া, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা, নিরাপত্তা–ব্যবস্থা জোরদার এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন বেপজা নির্বাহী চেয়ারম্যান।











