বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত হে উ কিয়াও সোয়ে মোয়ে গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম সফর করেছেন। সফরকালে তিনি হোটেল আগ্রাবাদে অবস্থান করেন এবং চট্টগ্রামে মিয়ানমারের কনসাল জেনারেল এইচ এম হাকিম আলীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিয়ানমারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আন্তঃসীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ আরও জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। আলোচনায় চট্টগ্রাম ও মিয়ানমারের ইয়াঙ্গুন/সিত্তওয়ের মধ্যে নৌ–যোগাযোগ পুনঃস্থাপন এবং আন্তঃসীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সমপ্রসারণের সম্ভাবনাও আলোচিত হয়। সম্ভাব্য বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে মিয়ানমার থেকে চাল, আদা, রাবার ও মাছ এবং বাংলাদেশ থেকে ওষুধ, রাসায়নিক পণ্য ও তৈরি পোশাক রপ্তানির বিষয় উঠে আসে। সাক্ষাৎকালে হে উ কিয়াও সোয়ে মোয়ের চট্টগ্রাম সফর এবং কনসাল কার্যালয়ে তাঁর আগমনের জন্য এইচ এম হাকিম আলী কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।













