নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসব সিমেন্টের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ সময় একটি কার্গো বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে। গতকাল দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ১ টি বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।












