মায়ের পেছন পেছন আসছিল শিশুটি,পরে পাওয়া গেল পুকুরে

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৯:৫৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুকুরে ডুবে ওয়াজিফা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু ওয়াজিফা ওই এলাকার প্রবাসী আবদুল আজিজের কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ক্ষেত থেকে মায়ের সাথে শাক তুলতে যায় শিশু ওয়াজিফা। শাক তোলা শেষে সে মায়ের পেছন পেছন বাড়ির দিকে আসছিল। মা বসতঘরে পৌঁছানোর কিছুক্ষণ পর মেয়েকে দেখে না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্বজনরা শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণ করা হচ্ছে, খেলাচ্ছলে অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারফু জানান, একইদিন মাগরিবের নামাজে পর শিশুটির জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতের মতবিনিময়
পরবর্তী নিবন্ধসিভাসুতে খাদ্য প্রদর্শনীসহ নানা আয়োজন