মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্ব টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু আহমদ (৬৬)। তিনি স্থানীয় মৃত নুর ইসলামের ছেলে। ঘটনার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী জরিনা বেগমও (৫৫) আহত হয়েছেন। তার একটি হাতের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছে পরিবার। ঘটনার পর রাতেই স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আবু আহমদ পেশায় কৃষক ছিলেন। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণে তিনি দিনদিন দুর্বল হয়ে পড়ছিলেন। তার একমাত্র ছেলে ইব্রাহিম মিলন স্থানীয়ভাবে বাঁশ–কাঠ বিক্রি ও বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে একসময় মিলন মাদকাসক্ত হয়ে পড়লে বেপরোয়া জীবন যাপন শুরু করে। এ নিয়ে প্রায়ই বাবা–ছেলের মধ্যে ঝগড়া হত। স্বজনেরা জানান, এক সপ্তাহ ধরে ইব্রাহিম মিলন স্ত্রী ও শাশুড়িকে নিয়ে আলাদা থাকার চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে তিনি মা–বাবার সঙ্গে বিরোধে জড়ান। এর জেরে শুক্রবার রাতে বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে আবু আহমদের ওপর লাঠি নিয়ে হামলা করেন তিনি। চিৎকার শুনে স্ত্রী জরিনা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করে ছেলে। লাঠির আঘাত ও লাথিতে ঘটনাস্থলেই আবু আহমদের মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই শাহ আলম বলেন, তার ভাই সহজ–সরল মানুষ। ছেলের মাদকাসক্তি ও আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলেন। এর আগেও কয়েকবার ছেলের হাতে মারধরের শিকার হয়েছিলেন আবু আহমদ।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। সে মাদকাসক্ত ছিল বলে জেনেছি। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।













