নগরীর আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা–কর্মীরা। একইদিন নগরীর ষোলশহর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতা–কর্মীরা।
গতকাল সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছে নেতা–কর্মীরা। তাদের হাতের ব্যানারে হামে শিশু মৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেয় নেতা–কর্মীরা। একইদিন নগরীর ষোলশহর এলাকায় মিছিল করেছে যুবলীগের নেতা–কর্মীরা। নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, আগ্রাবাদ ও ষোলশহর এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
খুলশীতে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার : খুলশীতে অভিযান চালিয়ে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো– মো. মিজানুর রহমান বাবু প্রকাশ বাবু (২৯) ও মো. কবির হোসেন (৩৪)।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিরা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণ, লিফলেট, পোস্টার এবং ব্যানার টাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। আসামিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।












