মহেশখালীতে ৩৫ বছর পর বাজার দখলমুক্ত

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩৫ বছর ধরে অবৈধ জবরদখলের অবসান ঘটিয়ে অবশেষে উচ্ছেদ হলো মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া বাজার। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানের মাধ্যমে এই বাজারটি দখলমুক্ত করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে হাজী সৈয়দ কবির নামের এক ব্যবসায়ী বাজারের সরকারি খাস জায়গা অবৈধভাবে দখলে রেখেছিলেন। সেখানে পাঁচটি দোকান নির্মাণ করে তিনি বাজারটি নিয়ন্ত্রণ করতেন। এতে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বাজারের কাঁচা তরকারি ও মাছ ব্যবসায়ীরা জায়গা না পেয়ে পার্শ্ববর্তী প্রধান সড়কের ব্রিজের ওপর ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা চালিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দখলদারদের প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পেতেন না। তবে সমপ্রতি এলাকাবাসী ও ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের দ্বারস্থ হন। তাদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন পাঁচটি দোকান উচ্ছেদের মাধ্যমে বাজারটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, কালাগাজীর পাড়া বাজারে সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

পূর্ববর্তী নিবন্ধক্ষণজন্মা মহাপুরুষ শেরে বাংলা
পরবর্তী নিবন্ধআজ ডলু খালের দানুর মা’র ঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন