মরক্কোর দক্ষিণাঞ্চলে আফ্রিকান লায়ন নামের এক যৌথ সামরিক মহড়া চলাকালে অংশগ্রহণকারী দুই মার্কিন সেনা নিখোঁজ হয়েছেন। রোববার একথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) ও মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনী, পৃথক বিবৃতিতে এই দুই বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর তান তান এর নিকটবর্তী ক্যাপ দ্রা প্রশিক্ষণ এলাকার কাছ থেকে ওই দুই সেনা নিখোঁজ হয়। খবর বিডিনিউজের।
তাদের সন্ধানে মার্কিন, মরোক্কান ও অন্য অংশীদার বাহিনীগুলো স্থল, আকাশ ও সমুদ্রপথে সমন্বিত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। মরোক্কান সেনাবাহিনী জানিয়েছে, সমুদ্রের ধারে একটি উঁচু, খাড়া পাহাড়ের কাছ থেকে ওই সেনারা নিখোঁজ হন। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা ইমেইলে রয়টার্সকে বলেছেন, প্রাথমিক প্রতিবেদনগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ওই দুই সেনা সম্ভবত মহাসাগরে পড়ে গেছেন। এই ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয়, এটি আমি নিশ্চিত করতে পারি।














