সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আবু বক্কর সিদ্দিক (২৫)। গত রোববার সৌদি আরবের স্থানীয় সময় বিকালে মদিনার আল–উলা এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় সাড়ে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবু বক্কর। সেখানে যাওয়ার পর থেকে মদিনার আল–উলা এলাকার একটি খেজুর বাগানে কাজ করতেন। ঘটনার দিন বিকালে খেজুর বাগানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। রোববার রাতে সৌদি আরবে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে আবু বক্করের মৃত্যুর বিষয়টি জেনেছি।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী জানান, শুনেছি রোববার বিকেলের দিকে মদিনার আল–উলা এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বক্কর বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












