মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প!

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

শুরুটা হয়েছিল বিদ্রুপ দিয়ে। শেষটাও হল বিদ্রুপ দিয়ে। বিশ্বকাপ ফাইনালে হাজির ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যত বার তাঁকে দেখানো হল, বিদ্রুপ করলেন দর্শকেরা। খেলা শেষে তো আর এক কাণ্ড। স্পেনের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার পর মঞ্চ থেকে নামানো গেল না তাঁকে। স্পেনের সঙ্গেই উল্লাস করলেন ট্রাম্প। খেলার শুরুতে ভিআইপি বক্সে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বসেছিলেন সস্ত্রীক ট্রাম্প। তাঁকে দেখা মাত্র গ্যালারি জুড়ে বিদ্রুপ শুরু হয়। শিস্‌ দেন দর্শকদের একাংশ। ট্রাম্প অবশ্য বিশেষ পাত্তা দেননি। খোশগল্পে মেতেছিলেন তিনি। একটা সময় দেখা যায়, বিশ্বকাপের ট্রফি তাঁর কাছে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তা কিছুক্ষণ কোলে রেখে সামনে রেখে দেন। খেলা শেষে ইনফান্তিনোর সঙ্গেই মাঠে এলেন ট্রাম্প। উঠলেন মঞ্চে। ট্রাম্প মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে আবার বিদ্রুপ শুরু হল। তার মাঝেই ফুটবলারদের গলায় মেডেল পরিয়ে দিলেন ট্রাম্প ও ইনফান্তিনো। শেষে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিলেন ট্রাম্প। তার পরেই শুরু নাটক। প্রথমে ফুটবলারদের মধ্যেই দাঁড়িয়েছিলেন তিনি। ফিফার কয়েক জন কর্তা তাঁকে সরতে বলেন, যাতে স্পেনের ফুটবলারেরা উল্লাস করতে পারেন। ট্রাম্প একটু সরলেন বটে, কিন্তু নামলেন না। ইনফান্তিনো প্রায় তাঁর হাত ধরে তাঁকে মঞ্চ থেকে নামানোর চেষ্টা করলেন। তাতেও তাঁকে নামানো গেল না। ফুটবলারদের পাশে দাঁড়িয়ে ট্রাম্পও উল্লাসে মাতলেন। ভাবখানা এমন, যেন তিনিই বিশ্বকাপ জিতেছেন। এই ঘটনা অবশ্য প্রথম নয়। গত বছর ক্লাব বিশ্বকাপের সময়েও একই কাজ করেছিলেন ট্রাম্প। চ্যাম্পিয়ন দল চেলসির সঙ্গে উল্লাস শুরু করেছিলেন। সেই সময় চেলসির অধিনায়ক রিসি জেমস প্রায় ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন ট্রাম্পকে। এ বার অবশ্য স্পেন তেমন কিছু করেনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মোহামেডানের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন
পরবর্তী নিবন্ধকাপ জিতল ইয়ামালরা মন জিতল ছোট্ট কেইন