লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের পৃষ্ঠপোষকতায় লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ‘ভয়েস অব লিও’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর চকবাজারস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও রাজেশ লালার নেতৃত্বে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল লিও সদস্যদের পাবলিক স্পিকিং, উপস্থাপনা দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশ করা। প্রতিযোগিতায় তিনটি বিভাগে–উপস্থিত বক্তৃতা, আনুগত্য শপথ ও লিও প্লেজ–লিও সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিটি বিভাগে সেরা তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিও অ্যাডভাইজার লায়ন নিশাত ইমরান এমজেএফ। উদ্বোধক ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব।
অনুষ্ঠানে লায়ন নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন লিওদের আত্মবিশ্বাস, বাচনভঙ্গি ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।












