ভুল না করলে শিখবে কীভাবে

মোঃ আবু ছালেহ্‌ | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

কোন মানুষই ভুল করতে পছন্দ করেন না। কেননা ভুল করার কারণে অনেকে বিব্রত বোধ করেন, হতাশ হয়ে পড়েন, হীনম্মন্যতায় ভোগেন। জীবনের প্রতিটি কাজ সঠিক হওয়াটা জরুরি হলেও কাজ করতে গিয়ে মাঝেমাঝে জগাখিচুড়ি করে ফেলাটা খারাপ কিছু নয়। কেননা মানুষের ভুল হবেই। কখনো ভুল করেনি, এমন মানুষের নজির নেই। বরং ভুল মানুষের অপকারের চাইতে উপকার করেছে বেশি।

কথায় আছে, “আপনি আপনার ভুল থেকেই শেখেন’। বারবার ভুল করা আমাদের মস্তিষ্ক এবং দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভেবে দেখুন একটি শিশু কিভাবে হাঁটতে শেখে। ভুলের কারণে অনেকের জীবনেই অনেক অপ্রত্যাশিত ইতিবাচক ঘটনা ঘটে। হয়তো কেউ চাবি ভুল করে হারিয়ে ফেলেছেন। সেটা খুঁজতে গিয়ে এমন কিছুর সন্ধান পেয়ে গেলেন যেটা হয়তো আরও বেশি জরুরি। পৃথিবীতে মাইক্রোওয়েভ থেকে শুরু করে পেস মেকার পর্যন্ত। ছোট বড় যতো উদ্ভাবন রয়েছে, তার সবকিছু শুরু হয়েছিল কোন না কোন ভুল থেকে। যদি স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে তার ছোট ভুলের কারণে পেনিসিলিন উদ্ভাবন থেকে পেছনে সরে যেতেন, তাহলে আমাদের জীবন হয়তো এতোটা সহজ হতো না। তার এই বিস্ময়কর আবিষ্কার এখন কোটি মানুষের জীবন রক্ষা করে চলছে।

অস্কার ওয়াইল্ড বলেছিলেন, “মানুষ নিজেদের ভুলগুলোকে যে নামে ডাকে তাই হল অভিজ্ঞতা”। এ কারণে নিজেদের ব্যাপারে বা জীবন সম্বন্ধে শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভুল করা। একটি বড় পরীক্ষায় ব্যর্থ হওয়ার মাধ্যমে আপনি শিখবেন কীভাবে হতাশা মোকাবিলা করতে হয়। পরিবারের গোপন কিছু কথা ভুল করে শুনে ফেললে, আপনি বিব্রতকর পরিস্থিতি সামলে নিতে শিখবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং লেখক থিওডোর রুজভেল্ট বলেছেন, “যে ব্যক্তি জীবনে কখনো ভুল করেনি, সে জীবনে কোন কাজই করেনি।” ভুল করার কারণে আমরা প্রায়ই পুনরায় চেষ্টা করতে বা নতুন কোন চ্যালেঞ্জ নিতে ভয় পাই। তবে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভুলকে মেনে নিলে আর এমনটা হবে না। বরং ভুল থেকে শিখে জীবনে কোন বাধা ছাড়া এগিয়ে গেলে সহজেই লক্ষ্য অর্জন সম্ভব।

উইলিয়াম শেক্সপিয়ারের বিশ্বখ্যাত নাটক ‘এ কমেডি অফ এরর‘স’ থেকে শুরু করে ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব জন ক্লিসের অনুষ্ঠান ‘ফল্টি টাওয়াস’ পর্যন্ত বেশিরভাগ জনপ্রিয় কমেডি তৈরি করা হয়েছে ভুল আর ভুল বোঝাবুঝির ওপর ভিত্তি করে। কারণ একটু দূর থেকে দেখলে, ভুলগুলোকে বেশ হাস্যকর মনে হতে পারে। হয়তো একদিন আপনি উদ্ভট পোশাক পরে আছেন। আর সেদিনই বাড়ির দরজায় তালা পড়ে গেল। তখনই দেখা হয়ে গেল পছন্দের কারো সঙ্গে। তাৎক্ষণিকভাবে পুরো ব্যপারটায় বিব্রত হলেও কিছুদিন পর এই কথাটা ভেবেই আপনি খিলখিল করে হেসে উঠবেন। আমাদের ভুলের মাঝেই রয়েছে অনেক কিছু শেখার। ভুল না করলে শিখবে কীভাবে?

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধ উচ্চারণে কথা বলাটাও একটা আর্ট
পরবর্তী নিবন্ধলোকসংস্কৃতি আমাদের অস্তিত্ব