শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য চট্টগ্রাম ওয়াসা তাদের প্ল্যান্টসমূহে ভাসমান ইনটেক স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের ফলে প্রতি বছর শুষ্ক মৌসুমে, বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ–এপ্রিল পর্যন্ত লবণাক্ততার কারণে ওয়াসার পানি উৎপাদন যেভাবে কমে যায় তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এছাড়া পানি উৎপাদন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
তিনি বলেন, বাংলাদেশে সর্বপ্রথম চট্টগ্রাম ওয়াসায় ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা করেছি। মহানগরীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছি, যা বাস্তবায়ন করতে কাজ শুরু করেছি। তিনি জানান, ভাসমান ইনটেক হলো এমন একটি পানি উত্তোলন ব্যবস্থা, যা পানির স্তরের ওঠানামার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে উপরে বা নিচে ভাসতে পারে। এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে চালু থাকলেও বাংলাদেশে চট্টগ্রাম ওয়াসা সর্বপ্রথম এটি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে। চট্টগ্রাম ওয়াসার নিজস্ব অর্থায়নে আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি। এটি চালু হলে শুষ্ক মৌসুমে নগরীতে আর পানি সংকট থাকবে না।
ওয়াসার প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে মার্চ–এপ্রিল পর্যন্ত কাপ্তাই লেকের পানি সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কর্ণফুলীর লবণাক্ত পানি হালদা নদীতে প্রবেশ করে। এর ফলে ওয়াসার পানি উৎপাদন দৈনিক ৮ থেকে ১০ কোটি লিটার পর্যন্ত কমে যায়। ফলে নগরীতে পানির জন্য হাহাকার ওঠে, জনদুর্ভোগও বাড়ে। তাই ওয়াসার পানি উৎপাদনের স্থানসমূহে (প্ল্যান্টসমূহে) ভাসমান ইনটেক স্থাপন করা হলে শুষ্ক মৌসুমে লবণাক্ততা কাটিয়ে পানি উৎপাদন স্বাভাবিক থাকবে। নগরীতে পানির সংকট দূর হবে।
চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন পানি শোধনাগারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা তথা কর্ণফুলী নদীর পানির প্রবাহের ওপর নির্ভর করে ওয়াসার পানির উৎপাদন। কর্ণফুলী নদীর পানির প্রবাহ কমে গেলে রাঙ্গুনিয়ায় ওয়াসার সর্ববৃহৎ পানি শোধনাগার কর্ণফুলী–১ ও ২ এর পানি উৎপাদন হ্রাস পায়। পাশাপাশি কাপ্তাই লেক হয়ে কর্ণফুলী নদী হয়ে হালদায় পানিপ্রবাহ কমে গেলে সমুদ্রের পানি হালদা নদীতে প্রবেশ করায় লবণাক্ততা বৃদ্ধি পায়। এ সময় হালদা নদীর তীরে অবস্থিত ওয়াসার দুটি পানি শোধনাগার মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারের উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়। লবণাক্ততার প্রবাহের কারণে বোয়ালখালীর ভান্ডালজুড়ি পানি শোধনাগারেও উৎপাদন কমিয়ে দিতে হয়। এরূপ পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে সুপেয় পানি সরবরাহ ৮ থেকে ১০ কোটি লিটার হ্রাস পায়। এতে নগরীতে পানির সংকট হয়। জনদুর্ভোগ বাড়ে। শুষ্ক মৌসুমে পানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য তাই ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এই পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনার বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, রাঙ্গুনিয়াস্থ ওয়াসার সর্ববৃহৎ পানি শোধনাগার কর্ণফুলী–১ ও ২ এর পানি উৎপাদনস্থলের কাছাকাছি ভাসমান ইনটেক স্থাপন করে বিদ্যমান পাইপলাইনে পানি শহরে নিয়ে আসা হবে।
তিনি জানান, বর্ষা বা শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর কমে বা বেড়ে গেলেও পাম্পটি পানির উপরে ভেসে থাকে। ফলে পাম্প পানির নিচে ডুবে নষ্ট হওয়ার বা পানিশূন্য হওয়ার ভয় থাকে না। পানির গভীরতা পরিবর্তিত হলেও বারবার পাম্পের স্থান পরিবর্তন বা পাইপ ছোট–বড় করার ঝামেলা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে পানি তোলা যায়। পানির একেবারে নিচের স্তরে কাদা, বালি ও পলি জমে থাকে। ভাসমান ইনটেক যেহেতু পানির উপরিভাগের ঠিক নিচ থেকে পানি টানে, তাই পাম্পে কাদা বা ময়লা ঢোকার সম্ভাবনা অনেক কম থাকে। পরিষ্কার পানি প্রবাহিত হওয়ার কারণে পাম্পের ভেতরের যন্ত্রাংশ (যেমন ইমপেলার) কম ক্ষয় হয় এবং পাম্পের রক্ষণাবেক্ষণ খরচ কমে যায়।












