ভারতে যাব শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে : ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

শেষ মুহূর্তের প্রস্তুতি শাণিয়ে নিতে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ নারী ফুটবল দলের। কারণ একটু একটু করে এগিয়ে আসছে সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপ। তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা তাই বলেন, শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ভারতে যাবেন তারা। ভারতের গোয়ায় আগামী সোমবার থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসর। ২০২২ ও ২০২৪ সালের শিরোপা জয়ী বাংলাদেশের লক্ষ্য এবার হ্যাটট্রিক শিরোপা নিয়ে ঘরে ফেরা। এই টুর্নামেন্ট সামনে রেখে থাইল্যান্ডের এলপাইন ট্রেনিং গ্রাউন্ডে প্রচণ্ড গরমের মধ্যেই প্রস্তুতি সেরেছে দল। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় ঋতুপর্ণা বলেন, ব্যাংককের গরমে নেওয়া প্রস্তুতি তাদের ভারতে মাঠের লড়াইয়ে কাজে লাগবে। ‘আমরা দুই সপ্তাহএখানে অনেক তীব্র তাপে, রোদে ট্রেনিং করেছি। খেলোয়াড়রা সবাই প্রস্তুত। সাফে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে লক্ষ্য নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা। আমরা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। এখানে আমরা যে দুইটা ম্যাচ খেললাম, এটা আমাদের টুর্নামেন্টের জন্য একটা বড় প্রভাব ফেলবে। দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আমাদের যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, এটা যেন আমাদের আগামীতে দেন; এভাবে সমর্থন দিয়ে যাবেন। আমরা দেশবাসীকে নিরাশ করব না।’ ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ৩১ মে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। মূল লড়াই শুরুর আগে ব্যাংককের প্রস্তুতি থেকে মেয়েরা অনেক কিছু শিখতে পেরেছে বলে মনে করেন কোচ পিটার জেমস বাটলার। ‘আমি বাফুফের সদস্যদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং কৃতজ্ঞ যে, তারা অনেক কষ্ট করে আমাদের এই ক্যাম্পটি করার সুযোগ করে দিয়েছেন। এই ক্যাম্পটি যেন এক ঝলক তাজা বাতাসের মতো। আপনি এখান থেকে কিছু ভালো দিকও পাবেন, আবার কিছু মন্দ দিকও পাবেন। আর এটা তো চিরন্তন সত্য যে, আপনি ভালো দিকগুলোর চেয়ে খারাপ দিকগুলো থেকেই বেশি কিছু শিখতে পারবেন। তাই সংক্ষেপে বলতে গেলেদারুণ হয়েছে ক্যাম্প। আশা করি, সামনে আমাদের আরও এই ধরনের ক্যাম্প হবে। সামনের দিনগুলোর কথা ভাবলে, এটা ভাবতে আমার ভালো লাগবে যে, আমি এখানে থাকি বা অন্য কেউ থাকুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি এবং অন্যরা মিলে এমন এক ভিত্তি তৈরি করে দিয়েছি যা ভবিষ্যৎ সফলতার পথ সুগম করবে; সেটা সাফ বা এশিয়ান কাপযে কোনো পর্যায়েই হোক না কেন।’

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধবোনাসের টাকা সুইমিং পুল ও জিমের জন্য দিলেন শান্তরা