সন্দ্বীপের উপকূলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মূল ভূ–খণ্ডের সাথে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালের ডিসেম্বরে শুরু হয়। সাগরের তলদেশ দিয়ে আসা জাতীয় গ্রিডের এ বিদ্যুৎ ২০১৮ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপে চালু হয়েছিল। সন্দ্বীপের বাউরিয়াতে অবস্থিত বিদ্যুতের সাব স্টেশনে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়বকুণ্ডের উপকূল হয়ে সন্দ্বীপের বাউরিয়া উপকূল দিয়ে সাবমেরিনে ক্যাবেলের মাধ্যমে ৩৩ হাজার কেভির তার নিয়ে আসা হয়। সন্দ্বীপের ভূ–পৃষ্ঠ থেকে প্রায় ১০ ফুট গভীর দিয়ে এ ক্যাবেল টানা হয়। তবে ২০১৭ সালে সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ যখন শুরু হয় তখন সন্দ্বীপের বাউরিয়া প্রান্তে নদী ভাঙন ছিল না।
স্থানীয়রা জানান, গতবছর থেকে এদিক দিয়ে নদী ভাঙন শুরু হলেও এ বছর ভাঙনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ভাঙনের কারণে গত দুই দিন ধরে সাবমেরিন ক্যাবলের পাইপের উপর থেকে মাটি সরে গেলে প্রায় ২০ ফুট পাইপ অরক্ষিত হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অরক্ষিত এ পাইপের ছবির ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় শিশু কিশোররা সাবমেরিন পাইপের উপর দাঁড়িয়ে হেঁটে ছবি ভিডিও করছে।
রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানি কমে গেলে সাবমেরিন ক্যাবলের পাইপ অরক্ষিত অবস্থায় পড়ে থাকে।
বেড়িবাঁধ থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে সাগরের কূল। সেখানে নদী ভাঙনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, গত বছর থেকে শুরু হয়ে প্রায় ৫০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। প্রতিনিয়ত এখানে ভাঙন হচ্ছে। এ কারণে সাবমেরিন ক্যাবলের পাইপ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। তিনি দ্রুত এ পাইপকে সংরক্ষিত করারও দাবি জানান। তিনি আরও জানান, এভাবে পাইপ অরক্ষিত থাকলে ট্রলার নৌকার ইঞ্জিনের পাখার সাথে লেগে যেকোনো সময় এটি ক্ষতিগ্রস্তও হতে পারে।
এ বিষয়ে সন্দ্বীপ বিদ্যুৎ বিভাগের উপজেলা নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী আজাদীকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি ভিডিও তিনি দেখতে পেলে রবিবার সকালে একজন স্টাফ পাঠিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। তিনি আরও জানান, সাবমেরিন ক্যাবলের অরক্ষিত এ পাইপকে দ্রুত সুরক্ষিত করার জন্য পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্রুত যোগাযোগ করে ব্যবস্থা নিবেন। এছাড়া তিনি অনুরোধ করেন, দুর্ঘটনা এড়াতে কেউ যাতে অতি উৎসাহী হয়ে ৩৩ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন এ তারের উপর দাঁড়িয়ে ছবি ভিডিও না করে।












