বোয়ালখালীতে সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্দেশে সড়কে বসানো উচ্চতা প্রতিরক্ষা ব্যারিয়ার বা প্রতিবন্ধকটি রাতের আঁধারে দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে। গত শুক্রবার আনুমানিক ভোর ৫টার দিকে পূর্ব কালুরঘাট–ভাণ্ডালজুড়ি সড়কের কালুরঘাট সেতু সংলগ্ন এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সড়কে (বালুবাহী ট্রাক) ভারী যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত রাস্তা ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এমপির নির্দেশে উপজেলা প্রশাসন গত ১৮ অক্টোবর উচ্চতা প্রতিবন্ধকটি স্থাপন করে। রাতের আঁধারে কে বা কারা এটি ভেঙে দেয়। প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিও জানান এলাকাবাসী।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, ব্যারিয়ার ভাঙার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কয়েক দিনের মধ্যেই হাইট ব্যারিয়ার পুনঃস্থাপন করা হবে ।











