বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটি কালুরঘাট সেতু পার হওয়ার সময় ওই ব্যক্তি কাটা পড়েন। এতে তার দেহ কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতের পরনে নীল রঙের গেঞ্জি ও লুঙ্গি ছিল।
বোয়ালখালী ফায়ার স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, কালুরঘাট সেতু পার হওয়ার পর বড়ুয়াপাড়া এলাকায় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এরপর ৪টা ৩৮ মিনিটে ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে চলে যায়।











