সারা দিন কেটে যায় স্বপ্নের ঘোরে
কাটে সারা রাত বাস্তবতায় সংশয়ে;
দিনরাত কেটে যায় নিজের নিয়মে
‘দেখব কি ভোর?’- মন বৃথা জাগে ভয়ে।
চিরচেনা রোজকার বিছানায় শুয়ে
চেনা ছায়াপথ খোঁজে এলিয়েন মন ;
চারদিকে শুনশান– বেদনারা ঘুমে
অচেনা মানুষ হয় চেনাজানা জন।
খুব রাতে খুন হওয়া স্বপ্নের ভূত
খুব রাতে ডুব দেয়া ভাবনার দল
খুব রাতে দল বাঁধে হানা দেয় মনে
ভুস করে ভেসে ওঠে চিন্তা অতল।
খুব রাতে কবিতার স্বর্গ রচনা
রাতের গভীরতায় ছোটগল্প চয়ন;
রংতুলি ইজেলেতে ছোট্ট আঁচড়ে
কত শত ছবি আঁকে শিল্পী এ মন।
রাত্রি গভীর হলে একা তাই জাগি
একলা নিজের সাথে হয় বোঝাপড়া
একলাই যুঝি নিজ ছায়ার শরীরে
অপরাধী নিজেকেই পরাই হাতকড়া।
পলাতক খুনি মন পালিয়ে বেড়ায়
বিবেক পাঠায় তারে শমন –হুলিয়া ;
খুব রাতে বোঝাপড়া হয় নিজে নিজে
আমি জাগি আর জাগে নিক্টোফিলিয়া।






