বেনজীরকে ফেরাতে দুবাইয়ে কাগজ গেছে তিন দিনের মধ্যে : স্বরাষ্ট্রমন্ত্রী

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে দুবাইতে প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, বেনজীর আহমেদকে গ্রেপ্তারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর তার ত্রিশ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠানোর জন্য বলেছিল। আমরা সেদিনই কাগজপত্র তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দেই। সেখান থেকেই ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ার মাধ্যমে দুবাইতে পাঠিয়ে দেওয়া হয়। আমরা ৩০ দিন নয় তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজ পাঠিয়ে দিয়েছি। খবর বিডিনিউজের।

গতকাল শনিবার আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদেরকে পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদ সম্পর্কে প্রায় ১৪৪ পৃষ্ঠার কিছু কাগজ সে দেশের ভাষায় ভাষান্তর করা হয় জানিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তবে দুবাই থেকে এর কোনো প্রতি উত্তর আসেনি। ছুটি গেছে, কাল আমরা খোঁজ নেবো। বেনজির আহমেদকে ফেরত পাঠানোর ব্যাপারে তাদেরও আইনি প্রক্রিয়া আছে, তাই সরকার ‘লেগে থাকবে’ বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ইউএন চার্টার অনুযায়ী কিছু কিছু বিষয়ে তাদের সাথে আমাদের স্বাক্ষর রয়েছে। বেশ কিছু বন্দি, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর) এর মাধ্যমে তাদের দেশে আমরা পাঠিয়েছি তারাও পাঠিয়েছে।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। পুলিশকে মাঠ পযার্য়ে সতর্ক করার পেছনে কোনো হুমকি আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, সতর্ক করা আমাদের কাজ। আমরা সন্দেহ করছি ২৩ জুনে টার্গেট করে একটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল তারা বাংলাদেশে উচ্ছৃঙ্খলা, অস্থিরতা করতে চাইবেই। পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সেজন্য সতর্ক করা হয়েছে সারা দেশে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসদরঘাটে মসজিদ থেকে চোরাই দুই লাখ টাকাসহ গ্রেপ্তার ২