সামাজিক সংগঠন ‘বেতাগী মানবিক ফাউন্ডেশন’–এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে “বাৎসরিক যাকাত স্বাবলম্বীকরণ কর্মসূচি ২০২৬”। গত ২৬ জুন বেতাগী ৭নং ওয়ার্ডের ইশকে মোস্তফা মাদ্রাসা মাঠে এই ব্যতিক্রমী কর্মসূচির মূল পর্বটি অনুষ্ঠিত হয়।
অতিথির আসনে বসানো হয়েছিল স্বাবলম্বী প্রকল্পের উপকারভোগী সাধারণ মানুষদের। আর সংগঠনের কর্মকর্তা, দেশ ও প্রবাসী শাখার সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসেছিলেন নিচের দর্শক সারিতে। স্টেজে বসেই মর্যাদার সঙ্গে উপকারভোগীরা তাদের উপহার সামগ্রী গ্রহণ করেন। আয়োজকরা জানান, এর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে সহায়তা গ্রহণকারীরা করুণার পাত্র নন, বরং মর্যাদা ও সম্মানের দাবিদার। যাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ বছর বেতাগী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১২টি পরিবারের স্থায়ী স্বাবলম্বিতা নিশ্চিত করতে প্রায় ৪ লক্ষাধিক টাকা ব্যয় করা হয়েছে।











