বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিশিয়াকে হারালো জাপান

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

আগের ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল এশিয়ার প্রতিনিধি জাপান। গতকাল বিশ্বকাপের ইতিহাসে হাজারতম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলো তারা। ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপান ৪০ গোলের বড় ব্যবধানে তিউনিশিয়াকে বিধ্বস্ত করে। এই জয়ে শেষ বত্রিশের পথে অনেকটাই এগিয়ে গেছে এশিয়ান পরাশক্তিরা। আয়াসে উয়েদা করেছেন দুই গোল। এছাড়া ডাইচি কামাডা ও জুনিয়া ইতো একটি করে গোল করেছেন। এর ফলে নেদারল্যান্ডসের সাথে সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫১ গোলে বিধ্বস্ত হওয়া তিউনিশিয়ার নক আউট পর্বে যাবার আর কোন আশাই নেই। কিন্তু টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচে ২২ গোলে ড্র করা ব্লু সামুরাইদের সামনে শীর্ষ স্থানে থেকে পরের রাউন্ডে যাবার সুবর্ণ সুযোগ তৈরী হয়েছে। মন্টিয়ারি স্টেডিয়ামে তিউনিশিয়ার বিপক্ষে পুরো ম্যাচে জাপানই আধিপত্য দেখিয়েছে। নতুন ম্যানেজার হার্ভে রেনার্ডের অধীনে তিউনিশিয়ার শুরুটা মোটেই ভাল হলো না। সুইডেনের সাথে বড় ব্যবধানে পরাজিত হবার পরপরই সার্বি লামুচিকে বরখাস্ত করে রেনার্ডকে দলের দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু টেকনিক্যালি অনেকটাই এগিয়ে থাকা জাপানীজদের বিপক্ষে রেনার্ডের কোন কৌশলই কাজে আসেনি। ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে এগিয়ে যায় জাপান। আয়ো তানাকা ও কেইতো নাকামুরার সহায়তায় পোস্টের খুব কাছ থেকে ডাইচি কামাডা গোল করে জাপানকে লিড এনে দেন। পরের মুহূর্তেই ব্যবধান প্রায় দ্বিগুন করে ফেলেছিল জাপানীজরা। গোললাইনের উপর থেকে শেষ মুহূর্তে ডাইলান ব্রন বল ক্লিয়ার না করলে আবারও গোল উদযাপনে মেতে উঠতে পারতো জাপানী শিবির। তিউনিশিয়া গোলরক্ষক আয়মেন ডাহমেনও বেশ কিছু প্রচেষ্টা রুখে দিয়েছেন। ৩১ মিনিটে শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুন করতে সফল হয় জাপান। তিউনিশিয়ার রক্ষনভাগের ভুলের সুযোগে উয়েদা লো শটে ডাহমেনকে পরাস্ত করেন। দ্বিতীয়ার্ধেও জাপানের আধিপত্য ছিল চোখে পড়ার মত। ৬৯ মিনিটে দুর্দান্ত এক থ্রু বলে জুনিয়া ইতো ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান ৩০’তে নিয়ে যান। ৮৩ মিনিটে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করেন উয়েদা। বিশ্বকাপে প্রথমবার কোনো ম্যাচে চার গোল করল জাপান। অন্যদিকে আরেকটি বড় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ল তিউনিসিয়া।এই গ্রুপে তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সুইডেন। দুই ম্যাচে নয় গোল হজম করা তিউনিসিয়া বিদায় নিল বিশ্বকাপ থেকে। আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সুইডেনের মুখোমুখি হবে জাপান। একই সময়ে অন্য ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস। এদিকে প্রথম ম্যাচে লক্ষ্য পূরণ না হওয়ায় কিছুটা আক্ষেপ করা জাপান কোচ হাজিমে মরিয়াসু এবার ভীষণ খুশি। স্নায়ুচাপের ম্যাচে যে তিউনিসিয়াকে উড়িয়ে দিয়েছে তার দল। চোটের কারণে এই ম্যাচ খেলতে পারেননি জাপানের প্লেমেকার তাকেফুসা কুবো। তাকে ছাড়াই ম্যাচটিতে যেভাবে খেলেছে দল, তাতে মুগ্ধ মরিয়াসু। বলেন, ‘এটা বিশ্বকাপে আমাদের দ্বিতীয় ম্যাচ ছিল এবং অনেক স্নায়ুচাপের ছিল, পুরো বিশ্বের মানুষ দেখেছে। এমন একটি ম্যাচে জিততে পেরে আমি অনেক খুশি। দল হিসেবে কোনো খেলোয়াড়ের চোটে পড়াটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং একটি বড় ধাক্কা। তবে আমরা এই দলটি এমন এক ভাবনার ওপর ভিত্তি করে সাজিয়েছি যে, মাঠে যেই নামুক, সে জয়ের জন্য অবদান রাখতে পারবে এবং যে যার সঙ্গেই খেলুক, কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।’

পূর্ববর্তী নিবন্ধআইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্বে জার্মানী
পরবর্তী নিবন্ধ‘অধিনায়ক ছাড়া আর কারও মধ্যে দায়িত্ববোধ দেখা যায়নি’