২০২৬ বিশ্বকাপ শুরুর আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই পরাশক্তিই জয় পেয়েছে। হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনা লিওনেল মেসিকে ছাড়াই ২–০ গোলের জয় পায়। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট পর্যন্ত। বক্সের ভেতর নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।
স্পট কিক থেকে নির্ভুল শটে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্কালোনির শিষ্যরা। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিমিওনে। লাউতারোর চমৎকার পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলের পর একাধিক পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তবে পুরো ম্যাচেই বিশ্রামে রাখা হয় মেসিকে। গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলতে গিয়ে সামান্য চোট পেয়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। সেই চোট কাটিয়ে ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি। আগামী ১৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এদিকে মিসরকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২–১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে জয়সূচক গোলটি করেছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। শুরুর দিকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের ১১ মিনিটের মধ্যেই আসে দুই গোল। মিসরের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে প্রথমে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রুনো গিমারায়েস। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সেলেসাওরা। মারকুইনহোসের ভুল ব্যাক–পাস থেকে বল পেয়ে সমতায় ফেরান মিসরের মোস্তফা জিকো। বিরতির পর আরও গুছিয়ে মাঠে নামে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়ার দারুণ পাস থেকে নিখুঁত শটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোল করেন এন্দ্রিক। এরপর দুই দলই একাধিক পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষা করে দেখেছে।
ম্যাচের শেষভাগে মিসর আক্রমণের চাপ বাড়ালেও ব্রাজিলের রক্ষণভাগ আর ভুল করেনি। অন্যদিকে মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর ছিলেন দুর্দান্ত। ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিসহ ব্রাজিলের একাধিক নিশ্চিত সুযোগ রুখে দেন তিনি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে টানা দুই জয় তুলে নিয়েছে ব্রাজিল। দুই ম্যাচে তারা করেছে মোট ৮ গোল।










