বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

উজবেকিস্তানের বিপক্ষে দুই গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে চারটি বড় রেকর্ডের গর্বিত মালিক হয়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন সিআর সেভেন। উজবেকদের বিপক্ষে ম্যাচে মাত্র ৬ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেবার পাশাপাশি নতুন এই রেকর্ড অর্জন করেন রোনালদো। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর মাধ্যমে আরও একটি গোলও যোগ করেছেন তিনি। পর্তুগাল অধিনায়ক এই গোলের মাধ্যমে সবচেয়ে বেশী মেজর টুর্নামেন্টে গোলের রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ ও উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ১১টি আসরে তিনি গোল করেছেন, যা একটি অনন্য রেকর্ড। মঙ্গলবারের ম্যাচে বিরতির ছয় মিনিট আগে তিনি পর্তুগালের হয়ে তৃতীয় গোল করেন। এর মাধ্যমে কিংবদন্তি স্ট্রাইকার ইউসেবিওকে ছাড়িয়ে ফিফা বিশ্বকাপে এখন পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০ গোল করার কৃতিত্ব নিজের করে নিয়েছেন রোনালদো। রোনালদো এই মাইলফলক স্পর্শ করেছেন ৬ বিশ্বকাপে ২৪ ম্যাচে। অন্যদিকে ইউসেবিও ১৯৬৬ বিশ্বকাপে এক আসরেই ৬ ম্যাচে ৯ গোল করেছিলেন। ২০০৬ সালে রোনালদো ইরানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম গোল করেছিলেন। এরপর একে একে ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে গোল করেছেন।

সবচেয়ে বেশী বয়সী ইউরোপীয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। তার বর্তমান বয়স ৪১ বছর ১৩৮ দিন। যদিও বিশ্বকাপ ইতিহাসে এটি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। রজার মিলা ৪২ বছর ৩৯ দিন বয়সে ক্যামেরুনের জার্সিতে বিশ্বকাপে গোল করেছিলেন, যা এখনও তালিকার শীর্ষে রয়েছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশী বয়সী গোলদাতার তালিকা : রজার মিলা (ক্যামেরুন)- ৪২ বছর ৩৯ দিন,ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)- ৪১ বছর ১৩৮ দিন,পেপে (পর্তুগাল)- ৩৯ বছর ২৮৩ দিন, লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ৩৮ বছর ৩৬৩ দিন,গানার গ্রেন (সুইডেন)- ৩৭ বছর ২৩৬ দিন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধজর্ডানও সাফ করল ড্রেসিং রূম, কর্মীদের জন্য রেখে এল মিষ্টিও